Skip to main content

শাসকের ক্ষমতা বনাম সাধকের শক্তি | আনুশেহ আনাদিল | সুফিবাদ



কারবালার পর ক্ষমতা যখন ধর্মের ওপর দখল নিল, ইসলাম কিন্তু হারিয়ে যায়নি। রাজদরবার ছেড়ে চলে গিয়েছিল খলিফাদের প্রাসাদ, শাসকের গৌরব বাড়ানোর জন্য নির্মিত মার্বেলের মসজিদ, ক্ষমতাকে বৈধতা দেওয়া পোষা আলেমদের জগৎ থেকে দূরে।

ইসলাম টিকে ছিল নীরবে– মরুভূমি পেরিয়ে, নদীর তীরে, বন-গ্রামে, সাধারণ মানুষের জীবনের ভেতরে। সাম্রাজ্য হিসেবে নয়, উপস্থিতি হিসেবে। কারবালা ছিল সভ্যতাগত ভাঙন। যখন ইয়াজিদ জুলুমের প্রতি আনুগত্য দাবি করল আর ইমাম হুসাইন (রা.) তা প্রত্যাখ্যান করলেন, তখন ইসলাম সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। ইমাম হুসাইনের (রা.) শাহাদাত শুধু রাজনৈতিক সহিংসতা নয়। এ ছিল সেই মুহূর্ত, যখন বিবেককে ক্ষমতার নামে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল।

বাংলায় ইসলাম এসেছিল আউলিয়াদের মাধ্যমে। লোকজ ও আত্মিক স্মৃতিতে আছে, শতাব্দী ধরে প্রায় ৩৬০ জন আউলিয়া বাংলায় প্রবেশ করেছিলেন– সাধক, দরবেশ, চিকিৎসক, পথপ্রদর্শক। তারা ইসলামের বাণী বহন করেছিলেন শুধু আইনের আকারে নয়; জীবিত নৈতিকতা হিসেবে। তারা এ দেশের ভাষায় কথা বলেছেন। কৃষক, জেলে, তাঁতি আর দরিদ্র মানুষের পাশে বসেছেন। স্থানীয় সংস্কৃতি মুছে দেননি; রূপান্তরিত করেছেন। এই সুফিরা ভয় প্রচার করেননি; তারা ছড়িয়েছিলেন অভয় ও আধ্যাত্মিকতা।

মানুষ সত্যকে চিনেছিল যুক্তির জোরে নয়, অনুভবের গভীরতায়। সত্য হুমকি হয়ে আসেনি; সে এসেছে স্বস্তি হয়ে। আধুনিক ধর্মীয় কাঠামো এ বিষয়টি ভুলে যায়–সত্যের চিৎকার দরকার হয় না, তার নিজেরই টান থাকে। আউলিয়ারা বহন করেছিলেন সেই মহান বাণী, যা সাম্রাজ্য হারিয়ে ফেলেছিল; কিন্তু মানুষের মধ্যে জীবিত ছিল। তাদের কর্তৃত্ব কোনো প্রতিষ্ঠান থেকে আসেনি; এসেছে অস্তিত্ব থেকে। তারা দেহ সারিয়েছেন, হৃদয় নরম করেছেন, নিষ্ঠুরতা ভেঙেছেন, স্লোগান ছাড়াই অন্যায়কে চ্যালেঞ্জ করেছেন এবং ক্ষমতার কাছে মাথা নত করেননি। এ কারণেই বাংলার ইসলাম বহুমাত্রিক, কাব্যিক, সুরেলা এবং গভীরভাবে মানবিক হয়ে উঠেছে।

আধুনিক যুগে ভয়নির্ভর, আক্ষরিক ব্যাখ্যাভিত্তিক এক ধারা, যা মূলত ওহাবি মতবাদ প্রভাবিত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিপুল অর্থ, রাজনৈতিক জোট এবং প্রাতিষ্ঠানিক শক্তির জোরে এ ব্যাখ্যাকে একমাত্র ‘খাঁটি’ ইসলাম বলে প্রতিষ্ঠা করা হয়েছে।

আউলিয়াদের দরগাহ, যেখানে প্রার্থনা, সংগীত, দান, স্মরণ চলে, সেই স্থানগুলো বারবার আক্রমণের শিকার হয়েছে। এগুলো ক্ষমতার কেন্দ্র নয়। এগুলো সাধারণ মানুষের আশ্রয়, যেখানে মানুষ আরোগ্য, সান্ত্বনা আর আল্লাহর সঙ্গে নৈকট্য খুঁজে পায় ভালোবাসার মাধ্যমে। তবু এগুলোই নিশানা। কারণ এগুলো প্রতিনিধিত্ব করে বাতিনি ইসলাম-অন্তর্গত পথ।
ভয়নির্ভর মতাদর্শের কাছে দরগাহ বিপজ্জনক। কারণ এগুলো নিয়ন্ত্রণের বাইরে। এখানে নারী আসে, দরিদ্র আসে, ভাঙা মানুষ আসে, প্রশ্নও আসে। এখানে কবিতা আছে, যেখানে কঠোরতা নীরবতা চায়। এখানে ভালোবাসা আছে, যেখানে ভয় আনুগত্য চায়।

দরগাহে আঘাত মানে শুধু ধর্মতাত্ত্বিক বিরোধ নয়। এর মানে স্মৃতি মুছে ফেলার চেষ্টা। কিন্তু স্মৃতি মুছে যায় না। প্রতিটি আক্রমণ এক গভীর সত্য প্রকাশ করে। প্রকৃত সংঘাত ইসলাম আর অন্য কিছুর মধ্যে নয়; সংঘাত ইসলামের ভেতরেই। অন্তর্গত রূপান্তরের ঐতিহ্য বনাম বাহ্যিক আধিপত্যের মানসিকতা।
ওহাবি মতবাদে মিরাজের মতো গভীর ঘটনার আধ্যাত্মিক ও প্রতীকী তাৎপর্য কেড়ে নেওয়া হয়েছে। যা ছিল চেতনার মানচিত্র, তাকে বানানো হয়েছে কঠোর শারীরিক ঘটনা। মিরাজ কখনোই শুধু দেহের উড্ডয়ন ছিল না। এ ছিল আত্মার যাত্রা।

অহংকার, ভয় আর সীমাবদ্ধতা পেরিয়ে আল্লাহর নৈকট্যের দিকে যাত্রা। সুফিরা মিরাজকে দেখেছেন একটি আদর্শ হিসেবে। পরিশুদ্ধি, নৈতিক দায়িত্ব ও জাগরণের ডাক হিসেবে। যখন প্রতীক মুছে ফেলা হয়, ধর্ম যন্ত্রে পরিণত হয়। যখন গভীরতা অস্বীকার করা হয়, শূন্যতা ভরাট করে ভয়। বাতিন ছাড়া ইসলাম আচরণের নজরদারিতে পরিণত হয়; সত্তার রূপান্তরে নয়।
এ কারণেই আজ বহু মানুষ দমবন্ধ করা বিশ্বাসে আটকে আছে। আল্লাহ দূরের হয়ে যান। ভালোবাসা হারিয়ে যায়। প্রশ্নকে হুমকি মনে করা হয়। তবু সত্য হারিয়ে যায়নি। সে লুকিয়ে আছে। সব সময়ই কিছু মানুষ থাকে যারা বাহ্যিকতার আড়ালে দেখতে পায়। তারা অসংগতি টের পায়। তারা প্রশ্ন তোলে ধ্বংসের জন্য নয়; ইসলামকে বাঁচানোর জন্য।

যারা প্রশ্ন তোলে, তাদের প্রায়ই ভুল বোঝা হয়। প্রান্তিক করা হয়, নীরব করিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় সুফি ধারায়; সেই শিক্ষকদের কাছে, যারা ভয়ের চেয়ে দায়িত্বের কথা বলেন; আধিপত্যের চেয়ে হৃদয়ের পরিশুদ্ধির কথা বলেন। ইতিহাস বারবার দেখিয়েছে– যখন মিথ্যা নিশ্চিততা চেঁচামেচি করে, সত্য বোঝাপড়া নীরব হয়ে যায়। যখন ক্ষমতা উপরিভাগ দখল করে, জ্ঞান ভেতরে সরে যায়।
আউলিয়ারা এটা জানতেন। তাই তারা দর্শন লুকিয়েছেন কবিতায়, ধর্মতত্ত্ব গেয়েছেন গানে আর যুক্তির বদলে উপস্থিতির ওপর ভরসা রেখেছেন। ভাষা বন্দি হলে সত্য আশ্রয় নেয় অস্তিত্বে। আজ আমরা অভূতপূর্ব বিকৃতির যুগে বাস করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভ্রান্তি, অ্যালগরিদমের উত্তেজনা, আদর্শিক শব্দদূষণে সত্য চাপা পড়ে যাচ্ছে।

ভয়নির্ভর কাঠামো নিজের ভেতরেই ক্লান্ত হয়ে পড়ে। তারা টিকে থাকে দমন, নীরবতা আর আনুগত্যে। তারা প্রশ্ন, নৈতিক স্পষ্টতা আর অন্তর্জাগরণ সহ্য করতে পারে না। তারা শক্তিশালী দেখায়, কিন্তু গভীর নয়। সত্য লুকিয়ে থাকলেও টিকে থাকে এবং এই সময়ের বার্তা একটাই– বিশেষ করে এই সময়ে ভয় পাস না। তুই যদি সুবিধা, নিরাপত্তা বা স্বীকৃতির পথে না হেঁটে সত্যের পথে হাঁটিস, তাহলে তুই জিতবি। ক্ষমতা বা খ্যাতি দিয়ে নয়, কিন্তু অখণ্ড সততা নিয়ে।

বাতিন চিরকাল আড়ালে থাকতে পারে না। শব্দের নিচে চাপা পড়া সত্য একদিন স্পষ্টতায় ভেসে ওঠেই। যুগে যুগে ইসলাম ক্ষমতার কাছে গিয়ে প্রকৃত সত্তা হারিয়েছে, কিন্তু সংরক্ষিত হয়েছে প্রেমিকদের হাতে। শাসকরা তাকে বিকৃত করেছে কিন্তু সাধকরা আগলে রেখেছে। ভয়ের দ্বারা অস্ত্র বানানো হয়েছে কিন্তু দয়ার মাধ্যমে বয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দরগাহ ভাঙতে পারে। কণ্ঠ রোধ করা যেতে পারে। অন্তর্গত ইসলাম, জীবিত ইসলাম ধ্বংস করা যায় না। কারণ যা সত্যে প্রোথিত সে পথ খুঁজে নেয় আবার আলোয় ফিরে আসার।

লেখক: আনুশেহ আনাদিল।।
সংগীতশিল্পী ও সমাজকর্মী।।

Comments

Popular posts from this blog

HOLY URS-E HAYATI (URS MUBARAK) (RAHE VANDER SILSILA)

"মহান ওরছে হায়াতী | 07 কার্তিক ১৪৩২ ( বাংলা) | 23 অক্টোবর২০২৫" "HOLY URS-E HAYATI | 07 KARTIK 1432 ( Bangla Calendar ) | 23 OCTOBER 2025" The 64th Annual Holy URS-E HAYATI of Hazrat Shah Sufi Moulana SYED MOHAMMAD ABDUL MALEK SHAH (Q.S.A.)(1916-1980), will be observed at CHATTOGRAM DARBAR SHARIF in Chattogram, Bangladesh. RaheVander Silsila's GRAND SHAYKH Allama SUFI SYED JAFAR SADEK SHAH ( M. ) Al- Rahe Vanderi invited all of you to attend and achieve blessings on this holy occasion. Venue: CHATTOGRAM DARBAR SHARIF, CHITTAGONG, BANGLADESH. Date: October 23, 2025 (Kartik 7, 1432 Bangla Calendar) #UrsMubarak #UrsSharif #URSeHAYATI (খোশরোজ মোবারক) #RaheVander #রাহেভান্ডার #RaheBhander #Maizbhandar #ChattogramDarbarSharif #Chattogram #Chittagong #Bangladesh #Sufism #Islam Website: RaheVander .org ©️ Chattogram Darbar Sharif.

Three In One: প্রভু

Three In One: প্রভু :         -  নার্গিস আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অপূর্ব তোমার সৃষ্টি যত দেখি জুরায়না আঁখি শুভ্র তুষারেরা বর্ষে যাচ্ছে। তোমার সূ...